মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনীতি সারাবাংলা: মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছেন আল আমিন (৪০) নামের এক সৌদিপ্রবাসী। আগামী রোববার তার পুনরায় কর্মস্থল সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী হৃদয় (১৯) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মসজিদবাড়ির আব্দুল মান্নানের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেয়ের জন্মদিন উদযাপনের কেক কিনতে আল আমিন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে প্রতিবেশী হৃদয়কে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মৌতাবাড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে দুজনেই সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত তরুণ হৃদয়কে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ জানান, হাসপাতালে আনার আগেই প্রবাসী আল আমিনের মৃত্যু হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার মরদেহ শাহরাস্তি থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

মেয়ের জন্মদিনের আনন্দ আয়োজনের মুহূর্তে প্রবাসীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো কৃষ্ণপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

—জা. অর্থনীতি/এলএটি