কেবিসির শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভের

বিনোদন ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন ৮৩ বছর বয়সি এই অভিনেতা। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি কেবিসির বুধবারের পর্বে অমিতাভকে অন্য দিনের তুলনায় ভিন্নভাবে দেখা যায়। অনুষ্ঠানের শুরুতে সাধারণত মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। কিন্তু হাঁটুতে চোট পাওয়ায় এবার বসেই সেই বক্তব্য দিতে হয়েছে তাঁকে। নিজের শারীরিক অবস্থার কথাও দর্শকদের জানিয়েছেন অভিনেতা।

অমিতাভ জানান, আগের দিন শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যাওয়ার কারণে তার হাঁটুতে আঘাত লাগে। এরপর থেকে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে। সে কারণেই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বসে কথা বলতে হয়েছে তাঁকে।

তবে নিজের চোট নিয়ে দর্শক ও অনুরাগীদের অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি আশ্বস্ত করেছেন, আঘাত গুরুতর নয় এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।

৮৩ বছর বয়সেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন অমিতাভ। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজনে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে নিজের ব্লগে ‘wishes to retire’ কথাটি লেখায় তার অবসর নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে অমিতাভ পরিষ্কার করেন, ওই মন্তব্য অভিনয় থেকে অবসর নেওয়ার ইঙ্গিত ছিল না; বরং ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই কথাটি লিখেছিলেন তিনি। হাঁটুতে চোট সত্ত্বেও আপাতত কেবিসির শুটিং চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

জা.অর্থনীতি/এসআই