জাতীয় অর্থনীতি স্পোর্টস: লিওনেল মেসিকে সতর্ক করেছিলেন কড়া ভাষায়। বলেছিলেন, বার্সেলোনা তার চেয়েও বড়, তাই নিজের আচরণে সাবধান হওয়া উচিত আর্জেন্টাইন মহাতারকার। এমনকি ক্লাবের বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার কারণে মেসি বিদায়ি সংবর্ধনা নিতে না এলে সেই অনুষ্ঠান বর্জনেরও হুমকি দিয়েছিলেন হুয়ান গাসপার্ত। কিন্তু নিজের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই এবার সুর নরম করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি। স্বীকার করেছেন, আবেগের বশে একটু বেশিই বলে ফেলেছিলেন। তবে মেসির কাছে ক্ষমা চাইতে রাজি নন তিনি।
২০০০ সালের জুলাই থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বার্সেলোনার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাসপার্ত। তার সময়েই মাত্র ১৩ বছর বয়সে কাতালান ক্লাবটিতে যোগ দেন মেসি। সেই মেসিকে নিয়েই সম্প্রতি 'সোলো পারা কুলেস' পডকাস্টে কঠোর মন্তব্য করেন বার্সার সাবেক এই কর্তা।
মূলত বার্সেলোনা থেকে মেসির আনুষ্ঠানিক বিদায়ি সংবর্ধনা না নেওয়ার বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন গাসপার্ত। ২০২১ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে। এরপর পাঁচ বছর কেটে গেলেও ক্যাম্প ন্যুতে সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আয়োজন এখনও হয়নি।
এর পেছনে মেসির সঙ্গে বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সম্পর্কের টানাপোড়েনকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়। গাসপার্তের মতে, ব্যক্তিগত সম্পর্কের কারণে বার্সেলোনার প্রতি নিজের দায়িত্ব ভুলে যাওয়া উচিত নয় মেসির।
সম্প্রতি পডকাস্টে গাসপার্ত বলেছিলেন, 'যে খেলোয়াড়কে আমি ১৩ বছর বয়সে বার্সেলোনায় এনেছিলাম, তার প্রতি গভীর ভালোবাসা থেকেই কথাগুলো বলছি। কিন্তু মেসির সাবধান হওয়া উচিত। বার্সেলোনা তার চেয়েও বড়।'
মেসির সম্ভাব্য বিদায়ি সংবর্ধনা নিয়েও কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। বলেছিলেন, 'সভাপতি যে-ই থাকুক, মেসির উচিত বার্সেলোনায় ফিরে এসে সমর্থকদের বিদায় জানানো। লাপোর্তা সভাপতি থাকার কারণে যদি সে না আসে, আর লাপোর্তা চলে যাওয়ার পর সংবর্ধনা নিতে আসে, তাহলে আমি সেই অনুষ্ঠানে যাব না।'
এমন মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার পর আবারও 'সোলো পারা কুলেস' অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন গাসপার্ত। এবার অবশ্য আগের মতো কঠোর অবস্থানে থাকেননি। বরং স্বীকার করেছেন, মেসিকে কিছু কথা বলা তার ঠিক হয়নি।
গাসপার্ত বলেন, 'আমি তাকে ভীষণ ভালোবাসি এবং আমি চাই বার্সা যেন যত দ্রুত সম্ভব তাকে সেই বিদায়টুকু জানাতে পারে, যা তার পাওনা। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। বার্সার কাছে লিও মেসির অনেক ঋণ রয়েছে, আবার লিও মেসির কাছেও বার্সেলোনার অনেক ঋণ রয়েছে।'
তবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসলে বলেন, 'মেসির কাছে কি আমি ক্ষমা চাইব? আমার সন্তানদের ভালো মনে করে কখনো কোনো বিষয়ে বকাঝকা করলে আমি তাদের কাছেও ক্ষমা চাইনি। মেসিকে আমি যতটা ভালোবাসি, তার চেয়ে বেশি কেউ তাকে ভালোবাসতে পারে না।'
এরপর নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'আমি মেসিকে একটা বার্তা দিতে চেয়েছিলাম। তাকে অনেক ভালোবাসি বলেই হয়তো একটু বেশিই বলে ফেলেছি। হ্যাঁ, আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম।'
মেসিকে বার্সেলোনার গুরুত্ব মনে করিয়ে দেওয়াতেই তার থেমে যাওয়া উচিত ছিল বলে মনে করেন গাসপার্ত। কিন্তু আবেগের কারণে প্রয়োজনের চেয়ে বেশি কঠোর ভাষা ব্যবহার করেছেন। তার কথায়, 'মেসিকে শুধু এটুকু বললেই হতো যে আমরা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বার্সেলোনা তোমার চেয়েও বড়। সেখানেই কথাটা শেষ করা উচিত ছিল।'
—জা.অর্থনীতি/আরএস