রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজ্যের রাবুপুরা এলাকায় এ ঘটনা জানাজানি হয়। নিহতরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭)।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে এক শিশু পরীক্ষার জন্য ঘুম থেকে না ওঠায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবর পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খাবারে কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতিবেশী ও নিহত মহেশের মায়ের বরাত দিয়ে জানা যায়, আগের রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। তবে ওই খাবারের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তি নিয়ে মহেশের পরিবারের সঙ্গে তার মায়ের বিরোধ চলছিল। তাদের দাবি, মহেশের মা সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়ে পরিবারটিকে বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন। এ নিয়ে বাড়িতে প্রায়ই ঝগড়া হতো বলেও দাবি করেন তারা।

গ্রেটার নয়ডার পুলিশ কর্মকর্তা শ্রবণ কুমার সিং জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও বৈজ্ঞানিক পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জা.অর্থনীতি/এসআই