ট্রেনের এসি কামরায় বসে পান সাজিয়ে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক: ট্রেনের সংরক্ষিত এসি কামরার বার্থে বসেই যাত্রীদের জন্য পান তৈরি করছেন এক বিক্রেতা। বার্থের ওপর কাপড় বিছিয়ে পান তৈরির উপকরণ সাজিয়ে ব্যবসা করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে যাত্রীদের ব্যবহারের জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ট্রেনে পণ্য বিক্রির নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই থেকে ছত্তিশগড়গামী একটি ট্রেনের থ্রি-টায়ার এসি কামরায় ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক পান বিক্রেতা নিচের বার্থটিকে অস্থায়ী দোকানের মতো ব্যবহার করছেন। সেখানে কাপড় বিছিয়ে পানের বিভিন্ন উপকরণ রেখে একের পর এক পান তৈরি করছেন তিনি। আশপাশে কয়েকজন যাত্রীও উপস্থিত ছিলেন।

ভিডিও ধারণকারী এক যাত্রীর দাবি, ওই বিক্রেতা প্রায় ২০ থেকে ২৫টি পানের অর্ডার পেয়েছিলেন। সেগুলো সরবরাহের জন্যই তিনি ট্রেনের বার্থে বসে পান তৈরি করছিলেন।

‘জেমসঅফরেলওয়ে’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি এক্সে প্রকাশ করা হয়। এরপর এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসার পর পান তৈরির স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একই সঙ্গে যাত্রীদের বসা ও ঘুমানোর জন্য নির্ধারিত বার্থ ব্যবসার কাজে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও সমালোচনা দেখা দেয়।

একজন নেটাগরিক মন্তব্য করেন, কামরায় পান খাওয়ার পর যাত্রীরা পানের পিক ফেললে সেটি নোংরা হয়ে যেতে পারে।

জা.অর্থনীতি/এসআই