আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে ঐতিহ্যবাহী মেলায় আয়োজিত ব্যতিক্রমী এক প্রতিযোগিতায় ৩০ মিনিটে ২৮টি লাড্ডু খেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বলবন্তভাই রাঘওয়ানি। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো লাড্ডু খাওয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সুরেন্দ্রনগরের এই বাসিন্দা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুই হাজার রুপি।
সম্প্রতি গুজরাটের বিখ্যাত তরনেতর মেলায় অনুষ্ঠিত রুরাল অলিম্পিক্সের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২৫ থেকে ৭৫ বছর বয়সী মোট ২৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে যত বেশি সম্ভব ছোলার বেসন দিয়ে তৈরি লাড্ডু খেতে হতো। লাড্ডুগুলোর ওপর ডাল ও চিনির বিশেষ প্রলেপও দেওয়া ছিল।
প্রতিযোগিতা শুরুর পর থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে লাড্ডু খাওয়ার প্রতিযোগিতা জমে ওঠে। প্রথম ১৫ মিনিটের মধ্যেই কয়েকজন প্রতিযোগী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন। ওই সময় পর্যন্ত প্রতিযোগীরা গড়ে প্রায় ১৫টি করে লাড্ডু খেয়েছিলেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে। শেষ পর্যায়ে টিকে ছিলেন পাঁচজন। তাদের মধ্যে কেউ ২২টি, কেউ ২৪টি, আবার কেউ ২৬টি লাড্ডু খেতে সক্ষম হন। তবে শেষ পর্যন্ত ২৮টি লাড্ডু খেয়ে সবাইকে ছাড়িয়ে যান বলবন্তভাই।
এই আয়োজন করে স্পোর্টস, ইয়ুথ অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ বিভাগ, স্পোর্টস অথরিটি অব গুজরাট এবং জেলা প্রশিক্ষণ কেন্দ্র। স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত এ আয়োজনে দর্শকদেরও ব্যাপক উপস্থিতি ছিল।
জা.অর্থনীতি/এসআই