জরিমানার ভয়ে রাস্তায় স্ত্রীকে ফেলে পালালেন বাইকচালক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপুরে ট্রাফিক পুলিশের অভিযান এড়াতে গিয়ে চলন্ত বাইক থেকে রাস্তায় পড়ে যান এক নারী। অভিযোগ, পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুতগতিতে বাইক চালিয়ে পালিয়ে যান তার স্বামী। এ সময় স্ত্রীকে ফেলে রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৮ অক্টোবর) প্রকাশিত আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী, রুদ্রপুরের ত্রিশূল চকে নম্বর প্লেটবিহীন যানবাহন এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল পুলিশ। ওই সময় একটি মোটরসাইকেলে তিনজনকে আসতে দেখা যায়। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।

পুলিশের নজরদারি দেখে জরিমানা এড়াতে চালক মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন বলে অভিযোগ। এক পুলিশ সদস্য তাদের থামানোর জন্য এগিয়ে এলে চালক হঠাৎ বাইকটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এতে পেছনে বসে থাকা তার স্ত্রী ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক্সে ‘সিভিকলেজার৭৩’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, নারীটি রাস্তায় পড়ে যাওয়ার পরও বাইক থামাননি চালক। বরং পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে সহায়তা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরে ওই নারী পুলিশকে জানান, পড়ে গিয়ে তিনি কোনো আঘাত পাননি। এরপর পুলিশ তাকে কাউন্সেলিং করে বাড়ি পাঠিয়ে দেয় বলে জানা গেছে।

জা.অর্থনীতি/এসআই