বাচসাস নির্বাচন আগামী ২০ নভেম্বর

জাতীয় অর্থনীতি বিনোদন: দেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

মঙ্গলবার (১৯ অক্টেবর) নির্বাচন কমিশন ও বিদায়ী কমিটির এক যৌথ সভায় চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ জানান, বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে দায়িত্ব হস্তান্তর করেছে। কমিশন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বাচসাসের বর্তমান মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে সদস্যদের মাঝে দারুণ আমেজ তৈরি হয়েছে। এটি কেবল নেতৃত্ব নির্বাচনের দিন নয়, চলচ্চিত্র সাংবাদিকদের মিলনমেলা রীতিমতো। 
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন পরিচালনায় জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার দায়িত্বে রয়েছেন। 

সব মিলিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত বাচসাস পরিবার ও বিনোদন ভুবনের প্রকৃত বাসিন্দারা।

জা. অর্থনীতি/এআর