এলএনজি-এলপিজি আমদানিতে আলজেরিয়ার সঙ্গে সমঝোতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ এবং অবকাঠামো উন্নয়নে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে জ্বালানি আমদানি, যৌথ বিনিয়োগ ও অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুমায়ুন কবির বলেন, সমঝোতা স্মারকের আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি যৌথভাবে তেল শোধনাগার ও এলএনজি অবকাঠামো নির্মাণ এবং বাংলাদেশে কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের সম্ভাবনাও রয়েছে।

আহমেদ আত্তাফ জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য আলজেরিয়ার প্রেসিডেন্ট তাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া, বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা করতে আগ্রহী দেশটির পেট্রোলিয়াম ইনস্টিটিউট।

বৈঠকে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সার আমদানিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আত্তাফ। একই সঙ্গে ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলজেরিয়ার বস্ত্রশিল্প পুনরুজ্জীবনের বিষয়েও আলোচনা হয়।

দুই দেশের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বৈঠক আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে।

জা.অর্থনীতি/এসআই