আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আকাশসীমায় নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা অমান্য করে ফ্লাইট পরিচালনার দায়ে ইউরোপের দুই উড়োজাহাজ সংস্থা এয়ার ফ্রান্স ও কেএলএমকে মোট ৪ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ।
মার্কিন পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের কোড ব্যবহার করে ইরাকের নিষিদ্ধ আকাশসীমা দিয়ে ১৩০টির বেশি ফ্লাইট পরিচালনা করে সংস্থা দুটি। এ ঘটনায় এয়ার ফ্রান্সকে ১ লাখ ৫ হাজার ডলার এবং কেএলএমকে ৩ লাখ ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এয়ার ফ্রান্স ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৩০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে, কেএলএম ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের তদন্তে উঠে এসেছে, মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে এসব ফ্লাইট পরিচালনার মাধ্যমে এয়ার ফ্রান্স ও কেএলএম ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিরাপত্তাবিধি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে দুই সংস্থাকে।
আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ইরাকের বাগদাদ ফ্লাইট ইনফরমেশন অঞ্চলে ৩২ হাজার ফুটের নিচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে পরিচালিত বিদেশি উড়োজাহাজের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য।
২০২০ সালের অক্টোবরে সংশোধন করে নিষেধাজ্ঞাটির মেয়াদ বাড়ানো হয়েছিল। বর্তমানে এটি ২০২৭ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কার্যকর রয়েছে।
জা.অর্থনীতি/এসআই