নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে আবারও বড় সাফল্য অর্জন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি (যার মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম) আটক করা হয়েছে। আটক স্বর্ণের শুল্ক-করাদিসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ অক্টোবর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সতর্ক অবস্থান গ্রহণ করেন। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আগত যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নম্বর এ০১০০৯৬৪০) বিমানবন্দরে অবতরণ করেন। যাত্রী কোনো স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন। অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ৪৯টি স্বর্ণের চুড়ি!
—জা.অর্থনীতি/আইবিএম