রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে হুথিদের হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানান।

হুথি মুখপাত্রের দাবি, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব স্থাপনায় হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজধানী রিয়াদে আগাম সতর্কতা ব্যবস্থার মাধ্যমে বিপৎসংকেত জারির কথা জানায়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্রটি কোথায় প্রতিহত করা হয়েছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি নিয়েও সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ। এটি দেশটির পূর্বাঞ্চলের আবকাইক এলাকা থেকে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু পর্যন্ত বিস্তৃত।

এই পাইপলাইনের মাধ্যমে পূর্বাঞ্চলের তেল পশ্চিমাঞ্চলের শোধনাগার ও রপ্তানি টার্মিনালে নেওয়া হয়। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানির সুযোগ তৈরি করায় পাইপলাইনটি সৌদি আরবের জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জা.অর্থনীতি/এসআই