আজ শিল্পকলায় আব্বাসউদ্দীন স্মরণ

বিনোদন ডেস্ক: বাংলা লোকগানের অবিস্মরণীয় কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার । কালজয়ী এই লোকসংগীত শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বাংলাদেশ শিল্পকলা অ্যকাডেমি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ওকি গাড়িয়াল ভাই’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অ্যাকাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে অ্যাকাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের আলোচনা পর্বের পাশাপাশি থাকবে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সচিব মিজ ইমাসুমিন বেগম। আব্বাসউদ্দীন আহমদের জীবন ও কর্ম নিয়ে মূল আলোচনা করবেন বিশিষ্ট গবেষক ও সংগীতশিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।


আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পীরা আব্বাসউদ্দীন আহমদের কালজয়ী ভাওয়াইয়া, পল্লিগীতি ও ভাটিয়ালি গান পরিবেশন করবেন।

উল্লেখ্য, বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে সর্বজনীন রূপ দেওয়ার মূল কারিগর আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর কুচবিহারের বলরামপুরে জন্ম নেন। ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘আল্লাহ মেঘ দে পানি দে’, ‘নদীর কূল নাই’, ‘আমার গলার হার খুলে নে’, ‘আমায় ভাসাইলি রে’সহ অসংখ্য অমর গান সৃষ্টি করে গেছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে শিল্পকলা অ্যাকাডেমি পুরস্কার এবং ১৯৮১ সালে (মরণোত্তর) দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই মহান শিল্পী। ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।