নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি পেশাগত দক্ষতা, তথ্যের নির্ভুলতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সম্প্রতি ময়মনসিংহের ভালুকার মেঘমাটি ভিলেজ রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন। সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এআই-সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল কাফী এআই-সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় যুক্ত পেশাজীবীদের এসব সফটওয়্যারের কার্যকর ব্যবহার নিয়েও আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে সিটিজে সভাপতি হাসান জাকির এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকদের করণীয় ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রথাগত পদ্ধিতির সাংবাদিকতা দিয়ে এখন টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে সাংবাদিকদের এআই-সহ সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ হতে হবে। এই দক্ষতায় নতুন সুযোগ এনে দেবে।
সিটিজের মহাসচিব সাইফ আহমাদ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহারিক সুবিধা তুলে ধরেন। বিশেষ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণে এআইয়ের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, এ প্রযুক্তি তথ্য বিশ্লেষণে প্রয়োজনীয় সময় কমিয়ে সাংবাদিকদের কাজ আরও দ্রুত ও কার্যকর করতে সহায়তা করতে পারে।
প্রথম আলোর প্রতিবেদক ও সিটিজের সদস্য রাহিতুল ইসলাম বিভিন্ন দেশে এআইয়ের ব্যবহারে জাপান ও চীনের উদাহরণ টেনে বলেন, এআই আমাদের জন্য নতুন সুযোগ এনেছে। এআই-এর কারণে সাংবাদিকতার চাকরি হারানোর ভয় নেই। বরঞ্চ এআই সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে। সিটিজের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি কাজী সোহাগ বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গণমাধ্যমকর্মীদেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অন্যথায় সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
সেমিনারের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন সিটিজের সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি সাংবাদিকদের মধ্যে জ্ঞান বিনিময় ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।