জাতীয় অর্থনীতি স্পোর্টস: ম্যারাডোনা ও মেসির স্মৃতিবিজড়িত আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে এখন সরগরম ফুটবল দুনিয়া। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এই মর্যাদাপূর্ণ জার্সি গায়ে তোলার দৌড়ে মূলত আলোচনায় রয়েছে হুলিয়ান আলভারেজ ও তরুণ সেনসেশন নিকো পাজের নাম।
আর্জেন্টাইন ডিফেন্ডার ও অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো সতীর্থ হুলিয়ান আলভারেজকে এই জার্সির যোগ্য দাবিদার মনে করলেও, আলভারেজ নিজে তার পরিচিত ৯ নম্বর জার্সিটিই ধরে রাখতে চান।
আলভারেজের গোল করার সহজাত দক্ষতা এবং বড় ম্যাচে জ্বলে ওঠার রেকর্ড তাকে এই পদের শক্ত দাবিদার করে তুললেও, তিনি বর্তমান নম্বরটি বদলাতে একেবারেই নারাজ।
অন্যদিকে, পরিসংখ্যান ও খেলার ধরনের বিচারে বর্তমান প্রজন্মের অনেকেই নিকো পাজকে মেসির আদর্শ উত্তরসূরি ভাবছেন। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই বাঁ পায়ের অ্যাটাকিং মিডফিল্ডারের সৃষ্টিশীলতা ও ফ্রি-কিক নেওয়ার ভঙ্গি অনেকেরই মনে করিয়ে দেয় খোদ মেসিকে।
উল্লেখ্য, ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি পবিত্র হিসেবে দেখেন সমগ্র আর্জেন্টাইনবাসী। দিয়েগো ম্যারাডোনা তার জাদুকরী ড্রিবলিংয়ে একে অমরত্ব দিয়েছিলেন। তার উত্তরসূরি হিসেবে পরবর্তীতে অ্যারিয়েল ওর্তেগা, হুয়ান রোমান রিকেলমে ও লিওনেল মেসি এই জার্সির ঐতিহ্যকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
আলভারেজের গোল করার দক্ষতা বনাম পাজের প্লে-মেকিং জাদু, এই দুইয়ের লড়াইয়ে আর্জেন্টিনার অমর ১০ নম্বর জার্সিটি শেষ পর্যন্ত কার গায়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়।
জা. অর্থনীতি/ এআর
