অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন ও ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
পরীক্ষায় অংশ নিতে তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র ফি জনপ্রতি ৪৫০ টাকা।
যেভাবে আবেদন করবেন
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রসিদ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে এবং প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর করতে হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।
কেন্দ্র ফি থেকে কলেজ নিজস্ব ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ পরীক্ষাকেন্দ্রের ব্যয় নির্বাহে দিতে হবে।
জা.অর্থনীতি/এসআই
