আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পরমাণু স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতাকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থাও করবে ওয়াশিংটন।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘোষণা জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং বিজ্ঞানীদের মতো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে পারলেই এ সুযোগ পাওয়া যাবে।
একই দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার কারণে দেশটির সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে তথ্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
১৯৮৪ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করে। মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়াই এর উদ্দেশ্য।
এদিকে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তাঁর দাবি, ইরানও চুক্তিতে পৌঁছাতে মরিয়া। আট মাসের সংঘাতে দেশটির অর্থনীতি ও সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ৩ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান। ১ নভেম্বর ট্রাম্প মধ্য ইরানের কথিত ‘পিকাক্স পর্বত’সহ এক বা দুটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।
জা.অর্থনীতি/এসআই
