Print Date & Time : 28 October 2026 Wednesday 08:01 am

এবার কন্যা সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি

image

বিনোদন ডেস্ক: ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জওয়ান’-এর নির্মাতা অ্যাটলি কুমার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) অ্যাটলির স্ত্রী দক্ষিণী অভিনেত্রী প্রিয়া অ্যাটলি একটি কন্যা সন্তানের জন্ম দেন। বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে নতুন অতিথি আসার সুখবরটি সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন এই নির্মাতা। এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তানও রয়েছে। 

এদিন পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে। 

ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে ন্যাড়া মাথায় এবং অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় হলিউডের বিশ্বসেরা প্রযুক্তিবিদরা কাজ করছেন। 

উল্লেখ্য, এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান মীরের জন্ম হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন অ্যাটলি। ইনস্টাগ্রাম পোস্টে অ্যাটলি লেখেন, ‘আমাদের পরিবারে নতুন সদস্য আসছে, আমাদের ঘর আরও উষ্ণ হয়ে উঠতে চলেছে। আমরা আবার বাবা-মা হতে যাচ্ছি। সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই।’ 

—জা. অর্থনীতি/এনএ