Print Date & Time : 08 November 2026 Sunday 01:58 am

ন্যানসির ‘লাল সালাম’

image

বিনোদন প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুকে এক পোস্টে ন্যানসি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় ছিলো। এর মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে। তবে, গত সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, তাদের কারও ভাগ্য খোলেনি। এদিন চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। 

ন্যানসির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এ জন্যই আপনাকে এতো পছন্দ প্রিয় শিল্পী।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’ 

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়ন ফরম বিক্রি করে। শেষ পর্যন্ত দলটি তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলে দেখা যায়, সেখানে শোবিজ অঙ্গনের কোনো প্রার্থী নেই। 

পোষ্টটি দেওয়ার প্রায় দুই ঘন্টা পর ন্যানসি ‘লাল সালাম’ শব্দটি পরিবর্তন করে ‘অভিনন্দন’ শব্দটি লিখে দেন। 

—জা. অর্থনীতি/এনএ