Print Date & Time : 08 November 2026 Sunday 06:14 pm

সিলেটে প্রধানমন্ত্রী, করবেন একাধিক কর্মসূচির উদ্বোধন

image

অনলাইন ডেস্ক: নতুন কুঁড়ি স্পোর্টসসহ একাধিক কর্মসূচির উদ্বোধনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহজালাল ও শাহ পরাণ মাজার জিয়ারত, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, নদী পুনঃখনন ও ক্রীড়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বিমানে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি যাবেন হযরত শাহ জালাল (র.) মাজারে। মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে।

এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে নগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। দুপুরে কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

আর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ নতুন কুড়িঁ স্পোর্টস– এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেবেন তিনি। সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর।

—জা.অর্থনীতি/এএইচএ