Print Date & Time : 07 November 2026 Saturday 11:34 pm

সিনেমা ও টিভিতে বিশাল আর্থিক প্রণোদনা দেবে সৌদি সরকার

image

বিনোদন ডেস্ক: এবার সিনেমা ও টিভিতে বিশাল আর্থিক প্রণোদনা দেবে সৌদি সরকার। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজকদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটিতে শুটিং করা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে এখন থেকে যোগ্য স্থানীয় ব্যয়ের ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় বা ক্যাশ রিবেট দেওয়া হবে। এতোদিন দেশটি সংস্কৃতি খাতে ৪০ শতাংশ আর্থিক প্রণোদনা দিলেও এখন থেকে সে হার বাড়িয়ে ৬০ শতাংশ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই ঘোষণার মধ্য দিয়ে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার মানচিত্রে সৌদি আরব এখন শীর্ষ অবস্থানে উঠে এলো। গত শুক্রবার (১৫ মে) কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এই নতুন প্রণোদনা কার্যক্রম ঘোষণা করে। 

মার্কিন বিনোদনভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, কান উৎসবের মার্শে দু ফিল্ম সেশনে এ পরিকল্পনা উন্মোচন করেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি। 

সংবাদমাধ্যমে তিনি জানান, দেশীয় সংস্কৃতির বিকাশে শুধু ৬০ শতাংশ আর্থিক প্রণোদনাই দেওয়া হবে না পাশাপাশি অর্থ ছাড়ের প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ করা হবে। 

নতুন ঘোষণা ছাড়াও সৌদি আরবে স্টেট-ব্যাকার্ড 'কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড'-এর সাথে অংশীদারিত্বে নতুন অর্থায়ন প্যাকেজ চালু করা হচ্ছে। পাশাপাশি নির্মাতাদের অর্থ প্রণোদনা নিরীক্ষণ ও বিতরণের ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি স্বচ্ছতা থাকবে বলে জানানো হয়েছে। 

এদিকে, নতুন ঘোষণায় জানানো হয়নি নির্মাণের মোট বাজেট এবং বার্ষিক ঊর্ধ্বসীমার পরিমাণ। সৌদি ফিল্ম কমিশন এ দুটি তথ্য প্রকাশ না করায় নতুন কার্যক্রমটি সত্যিকার অর্থে ঠিক কতোটা কার্যকর হবে আগ্রহী প্রযোজকদের কাছে অনিশ্চিতই রয়ে গেছে। 

—জা. অর্থনীতি/এনএ