Print Date & Time : 08 November 2026 Sunday 09:54 am

অভিনেতা দিলু মজুমদার আর নেই

image

বিনোদন প্রতিবেদক: অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরণ্যক নাট্যদলের জ্যেষ্ঠ সদস্য এবং অভিনয়শিল্পী সংঘের সক্রিয় অন্তর্ভুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। 

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা মামুনুর রশীদ। তিনি জানান, হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু। 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বুধবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ অভিনেতা। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

সঙ্গে সঙ্গে তাঁকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়। 

এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গিয়েছিলো। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাঁকে বাঁচানো যায়নি। এটা আমাদের নাট্য অঙ্গনের জন্য অনেক শোকের। এমন অভিনেতা ও সংগঠক খুঁজে পাওয়া খুবই কঠিন।’ 

আগে থেকে কোনো অসুস্থতা ছিলো কি না, জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, ‘কয়দিন ধরেই তাঁর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না। তাঁর সঙ্গে কথাও হয়েছিলো। পরে বললো, চিকিৎসা করাচ্ছে। ইসিজি করিয়েছিলো। সেখানেও তেমন কিছু ধরা পড়লো না। এর মধ্যে হঠাৎ করে গতকাল তাঁর মৃত্যুসংবাদ ব্যথিত করেছে।’ 

মামুনুর রশীদ জানান, চলতি মাসের প্রথম দিনেও ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী ছিলো। সেই প্রদর্শনীতে অভিনেতা দিলু মজুমদার অভিনয় করেন। 

মামুনুর রশীদ বলেন, ‘নাটকের সাড়ে তিন শোর মতো শো হয়েছে। শুরু থেকে সবগুলোতেই দিলু অভিনয় করেছে। যে কোনো নাটকে কাজ করলে সেটায় নিয়মিত প্রদর্শনীতে থাকতো। সে সততার সঙ্গে কাজ করেছে। সাংগঠনিকভাবে সব জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছে। তাঁর এই স্থান অপূরণীয় হয়ে থাকবে।’ 

মামুনুর রশীদ জানান, তাঁর ছেলে দেশে পৌঁছানোর পরে আগামীকাল শুক্রবার তাঁকে উত্তরাতেই দাফন করা হবে। 

নাট্য অঙ্গনে অভিনেতা দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। 

বৃহস্পতিবার (২১ মে) দিলু মজুমদারের প্রথম জানাজা জোহরের নামাজের পর, এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে অনুষ্ঠিত হবে। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া, দ্বিতীয় জানাজা হবে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। 

—জা. অর্থনীতি/এনএ