Print Date & Time : 08 November 2026 Sunday 03:34 am

ধানের স্তুপের ভেতরে মিললো বিদেশি মদ, আটক বাবা-ছেলে

image

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ  বাবা ও তার ছেলেকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটকরা হলেন- এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তপন রায়ের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান চালায়। 

এ সময় বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় রুবেল ইসলামকে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসায় তার বাবা আব্দুর রহিমও সহযোগী হিসেবে যুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এনজে