Print Date & Time : 08 November 2026 Sunday 07:27 pm

ঈদের ছুটি শেষে ঢাকার সড়কে বেড়েছে গাড়ির চাপ

image

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দীর্ঘ ৭ দিনের ছুটির আমেজ কাটিয়ে আবারও পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা।

গত সোমবার সরকারি-বেসরকারি অফিস-আদালত খুললেও সোমবার পর্যন্ত ঢাকার সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। 

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে চিরচেনা ব্যস্ত রূপ দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে, বেড়েছে গণপরিবহন ও কর্মব্যস্ত মানুষের আনাগোনা।

সকালে উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঈদের ছুটির সুনসান নীরবতা ভেঙে বিভিন্ন মোড়ে তৈরি হচ্ছে চিরচেনা যানজট, সিগন্যালগুলোতে গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে বেশ কিছুক্ষণ।

বিশেষ করে উত্তরা-বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। খিলক্ষেত ও শ্যাওড়া এলাকায় গণপরিবহনের জন্য অফিসগামীদের ভিড় দেখা গেছে। আর মিরপুর ও ইসিবি চত্বরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, ঢাকামুখী মানুষের চাপ বাড়ায় বাসে যাত্রী বাড়ছে। 'বিকাশ' পরিবহনের হেলপার রাসেল মিয়া বলেন, ছুটি কাটিয়ে মানুষ এখনও ঢাকায় ফিরছে। গত কয়েকদিনের চেয়ে আজ যাত্রী বেশি। তবে স্কুল-কলেজ পুরোদমে খুললে চাপ আরও বাড়বে।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কাপাসিয়া, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসে যাত্রীরা রাজধানীতে ফিরছেন।

তবে স্বস্তির যাত্রার মধ্যেও বাড়তি ভাড়ার খড়্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। কিশোরগঞ্জ থেকে আসা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঈদ কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরছি। যাত্রা স্বস্তির হলেও বাসভাড়া কিছুটা বেশি নেওয়া হয়েছে।

একই অভিযোগ করেন কাপাসিয়া ও ময়মনসিংহ থেকে আসা অন্য যাত্রীরাও।

তাদের দাবি, যানজট না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার চেনা প্রবণতা এবারও বজায় ছিল।

—জা. অর্থনীতি/এলএ/এনজে