Print Date & Time : 08 November 2026 Sunday 01:06 am

চলাচলের একমাত্র বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ায় দুর্ভোগ বাসিন্দাদের

image

তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় লালোর ইউনিয়নের পানাউল্লা খালের দুইপাড়ে দুই গ্রামের বাসিন্দাদের বসবাস।

এই খালের ওপর দিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে সোনাইডাঙ্গা গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় গোপেন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি বছর বর্ষাকালে খাল পারাপারের একমাত্র পথ এটি।

স্থানীয়রা জানান, নৌকায় যাতাযাত করা সবার জন্য কঠিন। কারণ মাঝিদের ২৪ ঘণ্টা ডিউটি পালন সম্ভব নয়। এজন্য গ্রামবাসীর অর্থায়নে ২০১০ সালে সোনাইডাঙ্গা খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ করেন বাসিন্দারা। তারপর থেকে প্রতি বছর মেরামতের মাধ্যমে যাতায়াত করে আসছে।

সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা নীল রতন বলেন, হাজারো মানুষের চলাচলের এ সাঁকো ভেঙ্গে পড়ায় দুর্ভোগের শেষ নাই। কয়েকদফা এই খালের উপর ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে মাপজোখ হলেও ব্রিজ নির্মাণের পথ অধরাই রয়ে গেছে।

গোপেন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমআর হোসনে আরা জানান, কয়েকদিন আগে বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ায় চলাচলের পথ বন্ধ হয়ে পড়েছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের স্কুলে আসতে দুর্ভোগ পোহাতে হবে। দ্রুত সাঁকো নির্মাণে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়েছে। নৌকায় তো সবাই যাতায়াত করতে পারে না।

তিনি বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য আমি চেষ্টা করেছি। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। মাপজোখ হলেও কাজ শুরু হয়নি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার বলেন, বিষয়টি আমি জেনেছি। ঐখানে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগ মাপজোখসহ সয়েল টেষ্ট করেছে। ব্রিজ নির্মাণ হলে স্থানীয়দের দুর্ভোগ থাকবে না।

—জা. অর্থনীতি/এলএটি/এনজে