রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পার্বত্য মন্ত্রীকে দায়িত্ব পুনর্বহাল এবং প্রতিমন্ত্রীকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবার বিএনপির নেতাকর্মীদের পর পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে মন্ত্রিত্ব পদে পুনর্বহাল এবং পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাঙামাটি স্টেডিয়াম এলাকার ‘টুগুন রেস্টুরেন্ট’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এম এ আবুল বাশার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির 'ঘ' খণ্ডের ১৯ নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। তাই চুক্তির সাথে সাংঘর্ষিক ও বিধি-বহির্ভূতভাবে নিযুক্ত বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ হতে অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ করা হোক।
একই সাথে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাইরের কোনো ব্যক্তিকে কোনোভাবেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে পদায়ন না করার বিধান কঠোরভাবে অনুসরণ করার দাবিও জানান তারা।
—জা. অর্থনীতি/এলএটি