Print Date & Time : 08 November 2026 Sunday 10:08 am

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত

image

পটুয়াখালী প্রতিনিধি: 'আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘পায়রা’য় এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, অ্যাকশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশিপ, ওয়ার্ল্ড কনসার্ন ও জাগোনারীর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উন্নয়নকর্মী কেএম সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সাথে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং উন্নয়ন ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি