Print Date & Time : 28 October 2026 Wednesday 03:46 am

ঢাকঢোল বাজিয়ে পিতাকে দাফনের চেষ্টা

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যুর পর ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা করেছেন তার ছেলেরা। রোববার (৭ জুন) দুপুরে কটিয়াদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃত ব্যক্তি হলেন— পূর্ব কাহেতেরটেকী মহল্লার প্রবীণ বাসিন্দা শামসুদ্দিন (১০০)। তিনি বার্ধক্যজনিত কারণে রোববার সকালে মারা যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মরহুম শামসুদ্দিন ও তার পরিবার নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলী রিজভীর মুরিদ এবং রেজভীয়া সুন্নি তরিকার অনুসারী। পিতার ওসিয়ত ও শেষ ইচ্ছা পূরণের জন্য তার ছেলেরা ঢাকঢোল বাজিয়ে শেষ বিদায় ও দাফনের প্রস্তুতি শুরু করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পরিবারের সঙ্গে আলোচনায় বসেন। পরে ছেলেরা দুঃখ প্রকাশ করে আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং স্বাভাবিকভাবে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাদের লিখিতভাবে অবহিত করেনি। তারপরও ঘটনাটি জানতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি