কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার কবির হোসেন উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার বরাত দিয়ে পুলিশ জানান, গত ৭ জুন সকাল ১১টার দিকে ওই তরুণী নিজ বাড়ির একটি কক্ষে একা অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী কবির হোসেন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর জের ধরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুড়িচং থানার ওসি জানান, কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি