Print Date & Time : 08 November 2026 Sunday 01:58 am

ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে. রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহাম্মেদ মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে. সে পরিবারের সঙ্গে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় থাকত এবং ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মেঘার মাঠ এলাকা দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হয় ফয়সাল। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বজ্রপাতে একজন কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। এই বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।"