Print Date & Time : 07 November 2026 Saturday 10:47 pm

মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, ৩ জনকে কারাদণ্ড

image

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পণ্যবাহী যানবাহন থামিয়ে অবৈধভাবে চাঁদা তোলার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ কুয়াকাটাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে এই চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে মূল অভিযুক্ত ইউনুচকে এক মাস এবং তার অপর দুই সহযোগী কামাল ও মো. শাকিলকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, কুয়াকাটাগামী মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী যানবাহন থামিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছে— এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে চাঁদাবাজ চক্রের এই তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে এবং রাতেই দণ্ডপ্রাপ্ত তিনজনকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।