Print Date & Time : 08 November 2026 Sunday 03:08 am

বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ

image

বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন এলাকায় এইডস আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন প্রায় চার হাজার বাসিন্দা। এরমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন নারী যৌনকর্মী, সমকামী ও মাদকসেবীরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে এইচআইভির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার এবং নৈতিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উত্থাপন করে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাশরুর বিন আজাদ জানান, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম ৩ হাজার ৭০৭ জন এইডস আক্রান্তের ঝুঁকিতে আছেন। এরমধ্যে নারী যৌনকর্মী ১ হাজার ৫০৬ জন, সমকামী ১ হাজার ৪৩৬ জন এবং মাদকসেবী আছেন ৭৬৫ জন। তিনি আরও জানান, বরিশাল বিভাগে বর্তমানে মোট ২০৫ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১৬ জন মারা গেছেন এবং ৪ জন স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮৫ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, লোকলজ্জা ও নানান কারণে আক্রান্ত রোগীরা প্রকাশ্যে আসতে চান না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া গেছে। এর বাইরেও অনেকে সংক্রমিত থাকতে পারেন যারা চিকিৎসা নিতে আসছেন না। এইডস প্রতিরোধে গণমাধ্যমসহ সবাইকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান তিনি।

হাসপাতালের উপ-পরিচালক ডা. এ কে এম নাজমুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

—জা. অর্থনীতি/এলএটি