Print Date & Time : 07 November 2026 Saturday 11:40 pm

গাড়ি থামিয়ে ছাত্রদল কর্মীদের ইচ্ছে পূরণ করলেন প্রধানমন্ত্রী

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সফরকালে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের দুই কর্মীর উপস্থিতি লক্ষ্য করে তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন এবং কাছে ডেকে কথা বলে তাদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করেন। বুধবার (১৭ জুন) সকালে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গল যাওয়ার পথে সদরের জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকা পার হওয়ার সময় ফুল হাতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মৌলভীবাজার পৌর ছাত্রদলের কর্মী শাহীন আহমদ ও তানভীর আহমদ। তাদের দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামাতে বলেন এবং নিরাপত্তা সদস্যরা ওই দুই কর্মীকে তার কাছে নিয়ে যান। শাহীন ও তানভীর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে তারা এই স্মরণীয় মুহূর্তটির ভিডিও ধারণের সুযোগ পান।

হঠাৎ এমন সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছাত্রদল কর্মী তানভীর ও শাহীন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছে ছিল অনেক দিনের। দেশের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান হিসেবে তিনি কর্মীদের কতটা ভালোবাসেন, গাড়ি থামিয়ে কথা বলার মাধ্যমে আজ তা প্রকাশ পেল। এটি আমাদের জীবনের সেরা মুহূর্ত।

এদিকে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সাধারণ কর্মীদের সময় দেওয়ার ঘটনাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ প্রশংসা চলছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকালে সিলেট থেকে রওনা হয়ে শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

—জা. অর্থনীতি/এলএটি