Print Date & Time : 07 November 2026 Saturday 11:34 pm

রাজনগরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

image

মৌলভীবাজার প্রতিনিধি: দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা এলাকার গয়াসি হাওর অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের রফিক মিয়ার ছেলে সাবির মিয়া (৪০) এবং জহির উদ্দিনের ছেলে হামিদ মিয়া (৪৫)। এছাড়া কাবিল মিয়া (৫০) নামের আরেক জেলে নৌকা থেকে নিখোঁজ রয়েছেন। নিহত হামিদ ও নিখোঁজ কাবিল সম্পর্কে আপন দুই ভাই।

নিহত সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, তারা প্রতিদিনের মতো কুশিয়ারা নদী হয়ে হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন। নিখোঁজ কাবিল মিয়া বজ্রপাতের পর হাওরের পানিতে তলিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

—জা. অর্থনীতি/এলএটি