Print Date & Time : 07 November 2026 Saturday 11:46 pm

জাতীয় পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন

image

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় চা দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জন করেছেন ইস্পাহানি কোম্পানির নেপচুন চা বাগানের স্থায়ী শ্রমিক জেসমিন আক্তার। ২০২৫ সালে তিনি মোট ২৫ হাজার ৬২১ কেজি চা-পাতা চয়ন করে এ স্বীকৃতি অর্জন করেন।

শনিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ৬ষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা-বাগানের শ্রমিক।

এর আগে সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমানে দেশের ১৬০টিরও বেশি চা-বাগান এবং হাজার হাজার ক্ষুদ্র চা-বাগান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের চা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চা শিল্পের অগ্রগতির পেছনে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে নারী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য মজুরি, উন্নত আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”

শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে চা শিল্পের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, “সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে এ অঞ্চলে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিয়াজ আলী চিশতী এবং চা শ্রমিক নেত্রী সনতকি রায়।

—জা. অর্থনীতি/এনজে