Print Date & Time : 07 November 2026 Saturday 08:04 pm

নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ৩

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২২ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গুমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ওসি জানান, সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ নালিতাবাড়ী হয়ে যাচ্ছে— এমন  তথ্য পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। পিকআপটি ওই এলাকায় পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে সুনিপুণভাবে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার এবং পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

ওসি জানান, উদ্ধার হওয়া মাদকের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পুলিশের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

—জা. অর্থনীতি/এলএটি