Print Date & Time : 08 November 2026 Sunday 04:09 pm

এবার গ্যালারিতে শাকিরা উত্তাপ, সঙ্গে কে?

image

বিনোদন ডেস্ক: চলছে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। সাধারণ দর্শকদের পাশাপাশি বিশ্বখ্যাত সব তারকা ফুটবলারদের খেলা সরাসরি দেখতে মাঠে উপস্থিত হচ্ছেন শোবিজ তারাকারাও। বাদ যাননি কলম্বিয়ান পপ তারকা শাকিরাও। 

যদিও বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ বিশ্বকাপের ‘লা লা লা’ তাকে ফুটবলপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয় করে তুলেছে। ফলে, বিশ্বকাপের গ্যালারিতে তার উপস্থিতি সবসময়ই আলাদা আগ্রহের জন্ম দেয়। যার জন্য বারবার মাঠে ছুটে যান এই গায়িকা। 

এবারর ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ দেখতে সোমবার (২২ জুন) দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে হাজির হন শাকিরা। এদিন গ্যালারিতে তার উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসের জন্ম দেয়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচ চলাকালে জায়ান্ট স্ক্রিনে শাকিরাকে দেখানো হলে দর্শকরা করতালিতে ফেটে পড়েন। এ সময় দুই ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পর্যায়ে ছোট ছেলে সাশাকে মায়ের কাঁধে হাত রাখতেও দেখা গেছে। ম্যাচ উপভোগের পাশাপাশি সন্তানদের সঙ্গে তার আন্তরিক মুহূর্তগুলোও ভক্তদের নজর কাড়ে। 

শুধু তাই নয়। স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে অনেক কিছু অনুমান করলেও পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরারই সন্তান। 

ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে হুট করেই ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর। ঠিক তখনই তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি নেটজুড়ে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। 

ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। 

সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে। 

এর কিছুক্ষণ পর ক্যামেরায় আবারও শাকিরাকে দেখা যায়, যেখানে তিনি তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিলেন। 

উল্লেখ্য, ২০২৪ সালে প্রাক্তন স্বামী ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী (সিঙ্গেল) জীবন যাপন করছেন। 

—জা. অর্থনীতি/এনএ