Print Date & Time : 07 November 2026 Saturday 10:25 pm

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের ৬ মাসের কারাদণ্ড

image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যিক ভিত্তিতে তা বিক্রির অপরাধে পাঁচজনকে আটক করে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২২ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ। সাজাপ্রাপ্তরা জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জেলার ঐতিহ্যবাহী বর্নির বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে শহরের মান্দারতলা এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিল। সোমবার দুপুরে তথ্য নির্ভার সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বালু বিক্রির হাতেনাতে পাঁচজনকে আটক করেন।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, অপরাধের মাত্রা বিবেচনা করে আটককৃতদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং প্রধান অভিযুক্ত একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট সাড়ে ৩ লাখ টাকা পরিশোধ করতে না পারায় আইন অনুযায়ী প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অপরাধী চক্রটি অত্যন্ত সুকৌশলে একটি তথাকথিত ‘মানবাধিকার সংগঠন’-এর নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে আসছিল। শুধু তাই নয়, তারা নিজেদের অপরাধ ঢাকতে জেলা প্রশাসকের ভুয়া অনুমোদনের কথা বলে এলাকায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছিল। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে তথাকথিত মানবাধিকার সংগঠনের ব্যানারে দেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এই অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষসহ পরিবেশবাদী সচেতন মহল। বর্নির বাওড় রক্ষায় এমন তদারকি নিয়মিত রাখার জোর দাবি জানিয়েছেন তারা।

—জা. অর্থনীতি/এলএটি