Print Date & Time : 25 October 2026 Sunday 07:55 am

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

image

বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহটি উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। 

মামলার বাদী এবং সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ তোলার পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত আদেশ প্রত্যাহার করেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করে সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন। 

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ তোলার অনুমতি দেন। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১০ জুন। 

পরবর্তীতে বাদীপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত তা পুনর্বিবেচনা করে দেহাবশেষ তোলার অনুমতি বাতিল করেন। 

—জা. অর্থনীতি/এনএ