Print Date & Time : 08 November 2026 Sunday 05:48 am

ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

image

দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন ব্যবস্থায় স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে কয়েকটি শর্ত অনুসরণ করতে হবে।

ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে।

এ ছাড়া, প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংযুক্ত রাখতে হবে। বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।

নতুন এ নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও বিদেশে প্রেরণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। একই সঙ্গে এ ধরনের লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

—জা. অর্থনীতি/এএইচএ