Print Date & Time : 08 November 2026 Sunday 09:28 am

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে রাকিব হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেহরোয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বড়নাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন স্থানীয় রহিম (বাদশা) এর বড় ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে বাড়ির পাশের একটি জাম গাছে জাম পাড়তে উঠেছিল শিশু রাকিব। এ সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে সে গাছ থেকে নিচে পড়ে যায়। এতে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি বলেন, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর তারা শুনেছেন। ঘটনাস্থল থানা থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় পুলিশ সেখানে যাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি