Print Date & Time : 28 October 2026 Wednesday 05:51 am

পাবনায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

image

পাবনা প্রতিনিধি: পাবনায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম মাঠ স্কুলের গুরুত্ব তুলে ধরে টেকসই কৃষি উন্নয়নের তাগিদ দেন।

বুধবার (২৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘পার্টনার’ (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ, অ্যান্ড রেসিলিয়েন্স) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন— জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, বগুড়া অঞ্চলের পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক রাফিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, বিএনপি নেতা কেএম মুসা এবং রেহানুল ইসলাম বুলালসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কংগ্রেসে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন। আলোচনা সভায় মাঠ স্কুলের মাধ্যমে কৃষকরা কীভাবে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সারের ব্যবহার, জৈব বালাইনাশক এবং উন্নত সেচ ব্যবস্থাপনা হাতে-কলমে শিখছেন এবং তা মাঠ পর্যায়ে প্রয়োগ করছেন, সেসব সফলতার চিত্র বিশদভাবে তুলে ধরা হয়।

—জা. অর্থনীতি/এলএটি