লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রনি সরকার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে লালমনিরহাট শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এর ঠিক আগেই চালক রনি বিশ্ববিদ্যালয়ের সামনের একটি হোটেলে দুপুরের খাবার শেষ করে অটোরিকশা নিয়ে ভাড়ার খোঁজে বেরিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দোষীদের বিচারের দাবিতে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।
ওসি বলেন, বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলেও পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
—জা. অর্থনীতি/এলএটি