Print Date & Time : 08 November 2026 Sunday 05:08 am

মানবাধিকার সচেতনতায় ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব

image

সাতক্ষীরা প্রতিনিধি: “সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতার অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক আলোচনার বাইরে নাটক, গান ও কবিতার মতো সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত ‘হোপ’ প্রকল্পের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— রিইব হোপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর রুহি নাজ, প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান, জেলা সিএসও সদস্য আসাদুজ্জামান সরদার এবং অনুষ্ঠান সঞ্চালক ও জেলা সিএসও সদস্য মাহফুজা পারভীন লিপি।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো— শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় এবং সুন্দরবন টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা এবং এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। জেলা সিএসও সদস্য আসাদুজ্জামান সরদার হোপ প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মানবাধিকারভিত্তিক নাটক, সচেতনতামূলক সংগীত ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

—জা. অর্থনীতি/এলএটি