Print Date & Time : 08 November 2026 Sunday 01:30 pm

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুই দোকান মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— মোবাইল কোর্টের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক(খ) ধারায় দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের দোকান থেকে প্রায় ৮২ কেজি নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযান চলাকালে পরিবেশ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ র‌্যাব-৬ ব্যাটালিয়ন ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি