বিনোদন ও লাইফস্টাইল ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। ফেসবুকে দেওয়া এক যৌথ পোস্টে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা তার স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ডা. কুশালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।
শনিবার (২৭ জুন) ফেসবুক পোস্টে ডা. সুষমা রেজা জানান, দীর্ঘ আত্মসমালোচনার পর তারা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় দুই দশকের এই দীর্ঘ পথচলায় জীবনের পরিবর্তনগুলোকে উপলব্ধি করে এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াকেই তারা সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত বলে মনে করেছেন।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, দীর্ঘ ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি তারা টানছেন পরস্পরের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা রেখেই। একই সাথে তাদের জীবনের এই ব্যক্তিগত সময়টুকুকে নিয়ে কোনো ধরনের অনুমান, গুজব কিংবা বিচার-বিশ্লেষণ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ডা. সুষমা রেজা এবং ডা. কুশাল মানসিক স্বাস্থ্য, চিকিৎসাসেবা ও সঠিক লাইফস্টাইল নিয়ে সচেতনতামূলক প্ল্যাটফর্ম ‘লাইফ স্প্রিং’-এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। নিজেদের জীবনের নানা গল্প ও কাজের কারণে অনুসারীদের কাছে তারা অন্যতম একটি পরিচিত মুখ ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি