Print Date & Time : 08 November 2026 Sunday 07:58 am

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে আলাল উদ্দিন (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আলাল উদ্দিন উপজেলার দুরমুঠ (চৌরাস্তা) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা এলাকায় আজিজুল ইসলামের নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আলাল। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি