Print Date & Time : 08 November 2026 Sunday 12:26 am

ফ্যাসিবাদ এলে আবার রাজপথে নামব: নাসিরুদ্দিন পাটোয়ারী

image

মৌলভীবাজার প্রতিনিধি: ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী সিস্টেম ফিরে আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “পুরো বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়-ছয় নেই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে।”

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সীমান্ত ইস্যু তুলে ধরে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, "খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সীমান্তে মানুষ ঠেলে দেওয়া কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। এ বিষয়ে সরকারকে কঠোর কূটনৈতিক অবস্থান নিতে হবে।"

সীমান্তবর্তী জেলাগুলোর মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, এনসিপি সবসময় সীমান্তবাসীর পাশে আছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

পথসভায় এনসিপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পথসভা শেষে নেতাকর্মীরা জুড়ী বাজার এলাকায় একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করেন।

—জা. অর্থনীতি/এলএটি