Print Date & Time : 25 October 2026 Sunday 08:46 am

নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ বিরোধী অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বডুয়া।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় যানবাহনগুলোর কাছ থেকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন, কারখানা এবং বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা.অর্থনীতি/এনজে