যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পিকআপ ও বাসের দ্বিমুখী ধাক্কায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বারবাজার হাইওয়ে থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোর শহরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে হাশিমপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইন্সপেক্টর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—জা. অর্থনীতি/এলএটি